ভারতের রাজস্থানের ঝালাওয়ার জেলায় শুক্রবার একটি সরকারি স্কুল ভবন ধসে কমপক্ষে চার শিশু নিহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।
মনোহর থানার পিপলোদি সরকারি বিদ্যালয়ে সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। কর্মকর্তারা জানিয়েছেন, একতলা ভবনের ছাদ ধসের সময় শিক্ষক ও কর্মচারী ছাড়াও প্রায় ৪০ জন শিশু বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত ছিল।
সূত্রমতে, ভবনটি জরাজীর্ণ অবস্থায় ছিল এবং এর আগেও এই বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছিল। স্কুলটিতে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষাদান করা হয়।
ঝালাওয়ারের পুলিশ সুপারিনটেনডেন্ট অমিত কুমার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘চারটি শিশু মারা গেছে এবং আরো ১৭ জন আহত হয়েছে। ১০টি শিশুকে ঝালাওয়ারে রেফার করা হয়েছে। এর মধ্যে তিন থেকে চারজনের অবস্থা গুরুতর।’
উদ্ধার ও আহত শিশুদের চিকিৎসার জন্য মনোহর থানা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গুরুতর আহতদের ঝালাওয়ারের একটি বড় হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে বলে সূত্র জানিয়েছে।
ঘটনাস্থল থেকে প্রাপ্ত ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা আটকে পড়া শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মীদের উদ্ধারের জন্য ছুটে আসছেন। ধ্বংসস্তূপ সরাতে কমপক্ষে চারটি জেসিবি মেশিনও ঘটনাস্থলে পৌঁছেছে।
জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং দুর্যোগ ত্রাণ দলগুলো উদ্ধার অভিযানের জন্য ঘটনাস্থলে রয়েছে। সূত্র : এনডিটিভি

