সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সোয়া তিন কোটি টাকার ভারতীয় চোরাই মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক এর সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে, গতকাল শুক্রবার রাতে ও আজ ভোরে দু’টি পৃথক অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানিয়েছে, ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, কালাইরাগ, উৎমা, প্রতাপপুর, শ্রীপুর এবং দমদমিয়া বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) টহল টিম অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় স্মার্ট ফোন ডিসপ্লে, চকলেট ও গরু এবং বাংলাদেশ থেকে পাচারকালে বাংলাদেশী শিং মাছ উদ্ধার করে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য তিন কোটি ২৬ লাখ ৪২ হাজার টাকা। এছাড়া সীমান্ত এলাকার বিভিন্ন কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাও উদ্ধার করে বিজিবি।
সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক জানান, উর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

