মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের পরিচালক আব্দুল মতিনকে অপসারণসহ চার দফা দাবিতে ভাইস চ্যান্সেলর (ভিসি) বরাবর স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ক্লাব।
রোববার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসে ডেপুটি রেজিস্টারার আলমগীর হোসাইনের মাধ্যমে ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করে মিডিয়া ক্লাবের সভাপতি মোজাহিদুল ইসলামের নেতৃত্বাধীন ক্লাবের একটি প্রতিনিধি দল।
জানা গেছে, গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক “Club Leadership Felicitation” শীর্ষক প্রোগ্রাম আয়োজন করা হয় কিন্তু গুরুত্বপূর্ণ ওই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাবকে আমন্ত্রণ জানানো হলেও মিডিয়া ক্লাবের প্রতিনিধিদের কোনোরূপ আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি ওই প্রোগ্রামের সিডিউল একাধিকবার পরিবর্তন হলেও তা মিডিয়া ক্লাবকে জানানো হয়নি। যার প্রতিবাদে আজ মিডিয়া ক্লাব স্মারকলিপি প্রদান করে।
মিডিয়া ক্লাবের সভাপতি বলেন, ‘বিষয়টি নিয়ে জানতে চাইলে স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের পরিচালক কোনো সদুত্তর না দিয়ে উল্টো ক্লাব প্রতিনিধির সাথে তুচ্ছতাচ্ছিল্যমূলক আচরণ করেছেন। আমরা মনেকরি তার গাফিলতি ও পক্ষপাতদুষ্ট আচরণের কারণে এমনটি ঘটেছে। ইতোপূর্বেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আয়োজনেও আমরা তার বৈষম্যমূলক আচরণের শিকার।’
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘চলতি সপ্তাহের মধ্যে আমাদের দাবিসমূহ না মানা হলে মিডিয়া ক্লাব ক্লাস-পরীক্ষা বর্জনসহ শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণে বাধ্য হবে এবং এর দায়ভার সংশ্লিষ্ট প্রশাসনের ওপরই বর্তাবে।
মিডিয়া ক্লাবের ৪ দফা অন্য দাবি হলো:
১. অবিলম্বে স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের পরিচালককে অপসারণ করতে হবে।
২. এই সংশ্লিষ্ট প্রশাসনের অন্যদের গাফিলতি অনতিবিলম্বে তদন্ত করতে হবে।
৩.মিডিয়া ক্লাবের প্রতিনিধিদের নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনতিবিলম্বে অনুরূপ আরেকটি প্রোগ্রাম আয়োজন করতে হবে।
৪.ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাবের প্রতি সমান মর্যাদা, স্বীকৃতি ও অন্তর্ভুক্তিমূলক আচরণ নিশ্চিত করার জন্য একটি সুশৃঙ্খল নীতিমালা প্রণয়ন করতে হবে।

