দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানের ওপর সবচেয়ে কম শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন করে ঘোষিত শুল্কহার অনুযায়ী দেশটির ওপর আরোপিত শুল্ক কমিয়ে ১৯ শতাংশে নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্র। যা পাকিস্তানের প্রতিবেশী দেশ ভারতের তুলনায় অনেকটাই কম। ভারতের ক্ষেত্রে এ হার ২৫ শতাংশ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির শুল্কহার ২৯ শতাংশ থেকে কমিয়ে আনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘গভীর কৃতজ্ঞতা’ জানিয়েছেন।
বৃহস্পতিবার রাতে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তি জ্বালানি, খনি ও খনিজ পদার্থ, তথ্যপ্রযুক্তি, ক্রিপ্টোকারেন্সিসহ অন্যান্য খাতে অর্থনৈতিক সহযোগিতার একটি নতুন যুগের সূচনা করেছে।
কম শুল্কহার পাকিস্তানের পোশাক খাতকে বিশেষভাবে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে রফতানি হওয়া এই পণ্য পাকিস্তানের মোট রফতানির প্রায় ৬০ শতাংশ। এই খাতে দেশটির প্রধান প্রতিযোগী ভারত, বাংলাদেশ ও ভিয়েতনামের ওপর তুলনামূলকভাবে বেশি শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
ট্রাম্প প্রশাসনের অধীনে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উষ্ণ হয়েছে। চলতি বছরের জুন মাসে পাকিস্তান নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করেছিল। সূত্র : বিবিসি

