ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাদারীপুরের শিবচর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণমিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৫ আগস্ট) বিকালে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর শাখার এই গণসমাবেশ আয়োজন করে। কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি গণমিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
ইসলামী আন্দোলন শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক মনোনীত মাদারীপুর-১ (শিবচর) আসনে এমপি প্রার্থী মাওলানা আকরাম হোসাইন।
সমাবেশে বাংলাদেশ মুজাহিদ কমিটির শিবচর উপজেলা শাখার সদর মাওলানা আ.সালাম, সদস্য মোঃ ফারুক হুসাইন, ইসলামী আন্দোলন শিবচর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবুল খায়ের মনির, সাধারণ সম্পাদক মাওলানা মো.মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিএম.হেমায়েত উদ্দিন, পৌর শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, যুব আন্দোলনের শিবচর শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান ঢালী, মাওলানা মো.নাসির উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইসলামী আন্দোলন শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ বলেন,‘ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসক শেখ হাসিনার বিদায় হয়েছে। চব্বিশের জুলাই ও আগস্টে যারা প্রাণ দিয়েছে তারা দেশের বীর সেনা। এই শহীদদের বিনিময়ে আজকের বাংলাদেশ। নির্মম স্বৈরাচার উৎখাতে যে ছাত্র জনতা জীবনের মায়া ত্যাগ করে রাজপথে লড়াই করেছে, আহত হয়েছে, শাহাদাতবরণ করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। যারা চোখ হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, আহত হয়ে কাতরাচ্ছে তাদের সুস্থ্যতার জন্য দোয়া করি’।
ছাত্র-জনতার রক্তের বিনিময়ে এই দেশ থেকে স্বৈরাচারদের বিদায় হয়েছে বলে মন্তব্য করে মাওলানা আকরাম হোসাইন বলেন, ‘ইসলামী আন্দোলন সবসময় দেশের মানুষের কথা বলে। এই দেশ যতক্ষণ পর্যন্ত স্বৈরাচারমুক্ত না হবে ও একটি নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ইসলামী আন্দোলনের দাবী সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির মাধ্যমে ভোট হতে হবে। দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হবে।বাংলাদেশের প্রতিটি মানুষ এখন ইসলামী শাসন চায়। আর কোন স্বৈরশাসক চায় না। দেশকে মুক্তি দেওয়ার জন্য এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী কার্যকলাপ থেকে দেশকে রক্ষা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’।
পরে জুলাই ও আগস্টে গণ-অভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

