প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে মাদারীপুরের শিবচরে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জেলার শিবচর পৌর এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে শিবচর উপজেলা শাখা আয়োজিত গণসমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও একই স্থানে এসে শেষ হয়।

ইসলামী আন্দোলন শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন—ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক মাদারীপুর-১ (শিবচর) আসনের মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব হযরত মাওলানা আকরাম হুসাইন।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল সরকার পরিবর্তনের জন্য হয়নি বরং দেশ থেকে স্থায়ীরূপে স্বৈরতন্ত্র বিলোপের বাসনা থেকেই ছাত্র-জনতা রাজপথে নেমে এসেছিল এবং অকাতরে জীবন দিয়েছে।
তারা বলেন, তাই জুলাই পরবর্তী বন্দোবস্ত অবশ্যই স্বৈরতন্ত্র প্রতিরোধক হতে হবে। সেজন্য পিআর হচ্ছে সবচেয়ে কার্যকর পদ্ধতি। তাই আগামী নির্বাচন অবশ্যই পিআরে হতে হবে।
তাদের দাবিগুলো হলো—
- জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা
- গণহত্যার বিচার
- ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনা ও বিচারকালীন কার্যক্রম নিষিদ্ধ করা
- নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং
- পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের

সমাবেশে বাংলাদেশ মুজাহিদ কমিটির শিবচর উপজেলা শাখার সদর মাওলানা আ.সালাম, সদস্য মোঃ ফারুক হুসাইন, ইসলামী আন্দোলন শিবচর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবুল খায়ের মনির, সাধারণ সম্পাদক মাওলানা মো.মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিএম.হেমায়েত উদ্দিন, পৌর শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা মো.নাসির উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

