ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদারীপুরের শিবচর উপজেলায় সংক্ষিপ্ত সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকীর নেতৃত্বে শিবচর বুদ্ধিজীবী চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিবচর উপজেলা বিএনপির সদস্য এবং মাদারীপুর-১ (শিবচর) আসনের মনোনয়ন প্রত্যাশী আবুল বাশার সিদ্দিকী বক্তব্য রাখেন। তিনি বলেন, নির্যাতন সহ্য করেছি, মামলা খেয়েছি তবুও রাজপথ ছেড়ে যাইনি। ২৬ বছরের রাজনৈতিক জীবনে প্রতিটি আন্দোলনে সক্রিয় ছিলাম। দীর্ঘ ৮ বছর বাড়িতে ফিরতে পারিনি, বাবার কবরেও মাটি দিতে পারিনি। আওয়ামী প্রশাসন আমাকে ও আমার পরিবারকে নানা নির্যাতনের আওতায় রেখেছেন। তবুও দলে থেকেছি ও জনগণের অধিকারের জন্য লড়েছি। বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, দলে আমার দীর্ঘদিনের অবদান ও কর্মকাণ্ড বিবেচনা করে দল আমাকে মাদারীপুর-১ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেবে।
এসময় উপস্থিত ছিলেন শিবচর পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. হাসান আব্দুল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য মেহেদি হাসান, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মো. মহিন বেপারীসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

