মানিকগঞ্জে সৃষ্টিকর্তা আল্লাহর নামে কটূক্তিকারী বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে মাদারীপুরের শিবচর উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) মাগরিবের নামাজের পর শিবচরের তৌহিদী জনতার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর শাখার দপ্তর সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, শিবচর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ কাসেমী, ইসলামী যুব আন্দোলন শিবচর শাখার সভাপতি মাহফুজুর রহমান ঢালী, প্রচার ও দাওয়াহ সম্পাদক মো. শাহিন মিয়া, মাওলানা রফিকুল ইসলাম, কাজী ইসমাম হোসাইনসহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে অশালীন কটূক্তি করেছেন। গর্হিত এ অপরাধের জন্য আমরা তার মৃত্যুদণ্ড চাই। তিনি দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে বরাবরই গানের মঞ্চে হাদিস-কোরআনের অপব্যাখ্যা দিয়ে মানুষকে ভুলভাল বুঝিয়ে আসছে এবং ইসলামের ভাবমূর্তি নষ্ট করছে। দেশের তাওহিদি জনগণ আর এসবকে প্রশ্রয় দেবে না। ইসলামকে অক্ষুন্ন রাখতে এদেরকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে তারা বলেন, আমরা প্রধান উপদেষ্টার কাছে দাবি করছি, এই ভণ্ড আবুল সরকার যেন আইনের ফাঁকফোকর দিয়ে বের হতে না। আমরা তার ফাঁসির দাবি জানাচ্ছি। ভবিষ্যতে যারাই ইসলামকে নিয়ে কটূক্তি করবেন, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

