দেশের চলমান পরিস্থিতিতে জনগণকে শান্তি ও স্থিতিশীলতার বার্তা দিতে মাদারীপুরের শিবচর উপজেলায় জাকের পার্টির জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার হেলিপোর্ট মাঠে জাকের পার্টির শিবচর শাখার আয়োজনে জনসভাটি অনুষ্ঠিত হয়।
শিবচর উপজেলার সভাপতি সামসুল আলম সিরাজ মুন্সী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা জাকের পার্টির সভাপতি আসাদুজ্জামান আকন।
বক্তারা বলেন, মানুষের অধিকার ফিরিয়ে দিতে জাকের পার্টি বদ্ধপরিকর। ওলী আউলিয়াগণের মাধ্যমেই এই মাটিতে ইসলাম এসেছে। ইসলাম আমাদের শিখিয়েছে শান্তি, ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতি। জাকের পার্টি বিশ্বাস করে সেই অন্তর্ভুক্তিমূলক ইসলামে–যেখানে সব জাতি, ধর্ম ও সম্প্রদায়ের মানুষের প্রতি রয়েছে সমান সম্মান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টি যুব ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস.এম. মাসুদ উদ্দিন আহমেদ। মাদারীপুর জেলা জাকের পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক শামীম ফরাজী, জেলা যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সিনিয়র সহ সভাপতি জাকির মোল্লা প্রমুখ
জনসভা শেষে জাকের পার্টির নেতাকর্মীরা হেলিপোর্ট মাঠ থেকে একটি র্যালি বের করেন। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় হেলিপোর্ট মাঠে এসে শেষ হয়। দোয়া, মোনাজাত ও উপস্থিত সকলকে তবারক বিতরণের মাধ্যমে আয়োজিত আলোচনা সভা শান্তিপূর্ণভাবে শেষ হয়।

