লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে দুই দিনব্যাপী ক্যাশলেস কার্যক্রম শুরু হয়েছে।
রোববার পূবালী ব্যাংকের পাঁচ্চর উপশাখার আয়োজনে বাংলা কিউআর ভিত্তিক ডিজিটাল পেমেন্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও ফরিদপুর অঞ্চলের অঞ্চল প্রধান কাজী সিহাবুল ইসলাম।
পূবালী ব্যাংক পিএলসি পাঁচ্চর উপশাখার ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার কাওছার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ও আরআরএম শেখ মো. মারুফ হাসান, ফরিদপুর শাখার শাখা ব্যবস্থাপক ও সহকারী জেনারেল ম্যানেজার শাহ আলম, শিবচর শাখার শাখা ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার শেখ ফিরোজ এবং মাদারীপুর শাখার কর্মকর্তা রুহুল আমিন (এডিসি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি কাজী সিহাবুল ইসলাম বলেন, বাংলা কিউআর প্রযুক্তির মাধ্যমে ক্রেতা ও বিক্রেতারা নগদ অর্থ ছাড়াই নিরাপদ, দ্রুত ও সহজ উপায়ে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে লেনদেন সম্পন্ন করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে, লেনদেন হবে আরও স্বচ্ছ, নিরাপদ ও সময় সাশ্রয়ী।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও অংশগ্রহণকারীদের সামনে বাংলা কিউআর ব্যবহার করে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে কেনাকাটার প্রক্রিয়া হাতে-কলমে প্রদর্শন করা হয়। এ সময় নগদ অর্থ ছাড়াই কীভাবে দ্রুত, সহজ ও নিরাপদে লেনদেন সম্পন্ন করা যায়, সে বিষয়ে উপস্থিতদের ধারণা দেওয়া হয়।

