বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিমান বাহিনীতে সর্বাধুনিক যুদ্ধবিমান ও সরঞ্জাম ক্রয়ে হওয়া দুর্নীতির তদন্তের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। একইসাথে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে বাজেট বৃদ্ধির দাবিও জানিয়েছে দলটি।
বিগত ফ্যাসিস্ট আমলে বিমান বাহিনীতে সর্বাধুনিক যুদ্ধবিমান ও সরঞ্জাম ক্রয়ে হওয়া দুর্নীতির তদন্তের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। একইসাথে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে বাজেট বৃদ্ধির দাবিও জানিয়েছে দলটি।
বুধবার সন্ধ্যায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে এ দাবি জানানো হয়।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে দলটির নেতারা উত্তরা বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলেন, উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিমান সেনার প্রতি আমরা গভীর শোক ও মহান আল্লাহ দরবারে মাগফিরাত কামনা করছি। এ ঘটনায় যারা আহত হয়েছেন, যে ক্ষয়ক্ষতি হয়েছে তা সহজে অপূরণীয়। হাসপাতালে চিকিৎসারতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
ঘটনার দ্রুত তদন্তের দাবি জানিয়ে তারা বলেন, সরকারকে অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। হতাহতদের সুস্পষ্ট তালিকা তৈরিতে কালক্ষেপণ জনমনে সন্দেহের অবকাশ সৃষ্টি করেছে। ঢাকার মতো জনবহুল নগরে বিমান প্রশিক্ষণসহ ঝুঁকিপূর্ণ যেকোনো কর্মকাণ্ডের অনুমোদন বাতিল করতে হবে।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে আরো উদ্বেগ প্রকাশ করে বলা হয়, সম্প্রতি গোপালগঞ্জে সন্ত্রাসী হামলা ও উত্তরা বিমান দুর্ঘটনা পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা করতে অন্তর্বর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রশাসনের নাকের ডগায় নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীরা এসব পরিস্থিতির অপব্যবহারের সুযোগ নিচ্ছে। এইচএসসি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা স্থগিতের ঘোষণা মধ্য রাতে নয়, ওইদিন সন্ধ্যার মধ্যেই দেয়া যেত। ঐকমত্যের ভিত্তিতে অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে। জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় স্থাপনের অনুমোদন বাতিল করতে হবে।
কেন্দ্রীয় নির্বাহী বৈঠকের সভাপতিত্ব করেন আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ।
মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে আরো উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, অ্যাডভোকেট মিজানুর রহমান, সমাজকল্যাণ ও শিল্পবিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা শায়খুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক ড. মাহবুবুর রহমান, খন্দকার শাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, নুর হোসেন, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, আবুল হোসেন, মাওলানা আজিজুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

