পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার শুক্রবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান একটি বাণিজ্য চুক্তির ‘খুব কাছাকাছি’ রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই তা চূড়ান্ত হতে পারে। তবে ইসহাক দারের সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাক্ষাতের পর যুক্তরাষ্ট্র কোনো সময়সীমা উল্লেখ করেনি।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলের এক আলোচনায় বলেছেন, ‘আমি মনে করি, আমরা যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তি চূড়ান্ত করার খুব কাছাকাছি রয়েছি। আমাদের প্রতিনিধি দল ওয়াশিংটনে রয়েছে, আলোচনা করছে, ভার্চুয়াল সভা করছে। প্রধানমন্ত্রী একটি কমিটিকে নির্দেশ দিয়েছেন বিষয়টি এখন চূড়ান্ত করতে।’
তিনি বলেন, ‘এটা মাস নয়, সপ্তাহও নয়, আমি বলবো এটি মাত্র কয়েক দিনের বিষয়।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে ওয়াশিংটন অনেক দেশের সাথে আলোচনার মাধ্যমে বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনা করছে। ডোনাল্ড ট্রাম্প বহু দেশকে অন্যায্য বাণিজ্যের অভিযোগে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, যদিও অনেক অর্থনীতিবিদ তার এই দাবিকে বিতর্কিত বলেছেন।
ইসহাক দার ও মার্কো রুবিওর বৈঠকের পর মার্কিন পররাষ্ট্র দফতর ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে জানায়, দু’জনেই তাদের আলোচনায় গুরুত্বপূর্ণ খনিজ ও খনির ক্ষেত্রে বাণিজ্য ও সম্পর্ক সম্প্রসারণের গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তবে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া রুবিওর বার্তায় এবং পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার জন্য কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি।
মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে ভারতের কথা উল্লেখ করা হয়নি। সূত্র : রয়টার্স

