শিশুদের অধিকার রক্ষায় রাজধানীতে বিশেষ প্রচারাভিযান চালিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সহায়তা প্রতিষ্ঠান গুডনেইবারস। গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুর প্রকল্প এলাকায় এ কার্যক্রম পরিচালনা করে সংস্থাটি। ওই এলাকার বিভিন্ন স্কুলশিক্ষার্থী ও শিশুদের নিয়ে এ আয়োজন করা হয়।
সংস্থাটির স্বেচ্ছাসেবীরা আলোচনা সভা, পুতুল নাচ, যাদু ও চিত্র প্রদর্শনীর মাধ্যমে শিশুদের অধিকার সম্পর্কে সচেতন করেন। এছাড়া বাল্যবিবাহ ও শিশু শ্রমের ক্ষতিকর দিক, শিশু নির্যাতন, ভালো স্পর্শ ও খারাপ স্পর্শের পার্থক্য এবং সুরক্ষিত থাকতে শিশুর করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জানান। এ আয়োজনে প্রায় ৩০০ শিশু অংশ নেয়।
শিশুদের অধিকার সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিতে নানা অনুষ্ঠান আয়োজন করে থাকে গুডনেইবারস। সম্প্রতি সারাদেশের সব প্রকল্প এলাকায় শিশু অধিকার বিষয়ক এ প্রচারাভিযান আয়োজন করে সংস্থাটি।

