বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্স কাউন্সিলের চেয়ারম্যান ও সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হাসান এনডিসি বলেছেন, গবেষণা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আমাদের দেশে অনেক সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো সমাধানের জন্য প্রয়োজন গবেষণা।
আজ বুধবার দুপুরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত ‘ইনোভেশন পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার এডভান্সিং ক্লিন এফোর্ডেবল এনার্জি ফর বাংলাদেশ ফিউচার’ শীর্ষক সিম্পোজিয়ামে তিনি এসব কথা বলেন।
চুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ ও বিইপিআরসি’র যৌথ উদ্যোগে এ সিম্পোজিয়ামটি অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, একটি দেশ এগিয়ে যায় গবেষণার মাধ্যমে। দেশের প্রতিটি সমস্যা চিহ্নিত করে তার কার্যকর সমাধানে গবেষণাকে কাজে লাগাতে হবে। আমাদের গবেষণার ফলাফল যেন দেশের উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখে, সে লক্ষ্যে সবাইকে সচেতন ও প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও কী-নোট স্পিকার ছিলেন চুয়েট ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া, অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্স কাউন্সিলের (বিইপিআরসি) সদস্য ড. মো: রফিকুল ইসলাম ও চুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলেয়ার হোসেন প্রমুখ।

