কুরবানির ঈদের আগে ঢাকার গরুর হাটে নিজের লালন-পালন করা গরু বিক্রি করতে এসে ১ লাখ ২৩ হাজার টাকার মধ্যে ১ লাখ ২১ হাজার টাকার জাল নোট হাতে পেয়ে ভাষা হারিয়ে ফেলেছিলেন নাটোরের রইস উদ্দিন। এক বুক হতাশায় তিনি কেঁদে উঠেছিলেন। তার সেই বোবা কান্না কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশ।
এমন দুঃখের মুহূর্তে তার পাশে সহযোগিতা নিয়ে পাশে দাঁড়ায় আলহাজ্ব শামসুল হক (আশ) ফাউন্ডেশন এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস।
শুক্রবার (২৫ জুলাই) ভোর ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পবিত্র ওমরাহর উদ্দেশে রওনা দেন রইস উদ্দিন।
জানা যায়, প্রথম ধাপে আলহাজ্ব শামসুল হক (আশ) ফাউন্ডেশনের পক্ষ থেকে রইস উদ্দিনকে দেয়া হয় নগদ ৫০ হাজার টাকা। এরপর আরো বিভিন্ন মাধ্যমে বেশ কিছু সহায়তা পান তিনি।
ঘটনাটি জানতে পেরে এই মানবিক উদ্যোগে সাড়া দিতে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের সাথে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। তিনি ফাউন্ডেশনের পরামর্শে রইস উদ্দিনের ওমরাহ পালনের সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করবেন বলে জানান।
আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ও অভিনেত্রী অপু বিশ্বাসের আর্থিক সহযোগিতায় আশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, ‘শুক্রবার অসহায় বৃদ্ধ রইস উদ্দিন মহান আল্লাহর ঘরে ইবাদতের পবিত্রতম যাত্রায়। এ যেন আল্লাহর কাছে নিরব অশ্রুর বদলে পৃথিবীর শ্রেষ্ঠ ঘরে সেজদার উপহার। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন সবসময়ই মানবতার পক্ষে, নির্যাতিত মানুষের পাশে, আর প্রতিটি হারানো আশার পুনর্জাগরণে নিরবিচ্ছিন্ন কাজ করে যাচ্ছে।’

