জাতীয় বক্সিং প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন আমেরিকান প্রবাসী ও আন্তর্জাতিক পদকজয়ী বক্সার জিনাত ফেরদৌস। বাংলাদেশি বংশোদ্ভূত এই বক্সার রোববার (২৭ জুলাই) থেকে শুরু হতে যাওয়া ৩১তম জাতীয় সিনিয়র পুরুষ ও ৭ম জাতীয় মহিলা বক্সিং প্রতিযোগিতায় ৫২ কেজি ওজনশ্রেণিতে অংশ নেবেন গুডউইল ক্লাবের হয়ে।
জিনাত ফেরদৌস এর আগেও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসে তিনি দেশের হয়ে অংশ নেন, যদিও প্রত্যাশা অনুযায়ী সাফল্য অর্জন করতে পারেননি। তবে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন দক্ষ বক্সার হিসেবে।
বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস জানান, জিনাত গুডউইল ক্লাবের হয়ে খেলবে। বাংলাদেশে এটি তার প্রথম জাতীয় অংশগ্রহণ। সাম্প্রতিক আন্তর্জাতিক সাফল্যের জন্য প্রতিযোগিতার সমাপনী দিনে, অর্থাৎ ৩০ জুলাই, তাকে সম্মাননা জানানো হবে। জিনাতের যাতায়াত ও অন্যান্য ব্যয়ভার গুডউইল ক্লাব বহন করছে বলেও জানান তিনি।
এদিকে জাতীয় বক্সিং প্রতিযোগিতাকে ঘিরে কিছু বিতর্কও সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম মহিলা বিশ্ববিদ্যালয়ের হয়ে তিনজন বিদেশি বক্সার অংশ নিতে চাইলেও, সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন তোলায় ফেডারেশন সিদ্ধান্ত পরিবর্তন করে জানায়, বিদেশি কেউ খেলতে পারবে না। ফলে কেবল প্রবাসী বংশোদ্ভূত খেলোয়াড় হিসেবে জিনাত অংশ নিচ্ছেন।
ফেডারেশনের নতুন কমিটির অধীনে এটিই প্রথম জাতীয় বক্সিং। তবে আয়োজনের প্রথম দিনেই দেখা গেছে বড় ধরনের অব্যবস্থা। ফেডারেশন সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রে স্থান উল্লেখ করেছিল জাতীয় স্টেডিয়াম, কিন্তু সাংবাদিকরা সেখানে গিয়ে দেখেন আসল অনুষ্ঠান ফেডারেশন অফিসে। এতে অনেকে কাভার করতেই পারেননি। ছোট্ট একটি কক্ষে গাদাগাদি করে আয়োজন করা সংবাদ সম্মেলন নিয়ে এরইমধ্যে সমালোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক দুঃখ প্রকাশ করে বলেন, আমরা অনিচ্ছাকৃত একটি ত্রুটি করেছি, ভবিষ্যতে এমনটা হবে না। তবে এই সকল বিশৃঙ্খলার মধ্যেও প্রবাসী বক্সার জিনাত ফেরদৌসের অংশগ্রহণ জাতীয় বক্সিংয়ে নতুন মাত্রা যোগ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

