ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত এক জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটে-বলে নায়ক হয়ে উঠেছেন সামিউন বশির রাতুল। তার অপরাজিত ৪৫ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ তুলে নেয় রুদ্ধশ্বাস এক জয়।
শনিবার (২৬ জুলাই) সানরাইজ স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল আগে ব্যাট করে মাত্র ১২৮ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশি বোলারদের দাপটে মাত্র ৩৪.৪ ওভারই টিকতে পারে দক্ষিণ আফ্রিকার ইনিংস। প্রোটিয়াদের পক্ষে আরমান ম্যানাক সর্বোচ্চ ২৮, পল জেমস ২৬ এবং ড্যানিয়েল বোসম্যান করেন ২৪ রান।
বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন আল ফাহাদ, তিনি নেন ৪ উইকেট। সামিউন বশির ও স্বাধীন ইসলাম পান দুটি করে উইকেট। এ ছাড়া ইমন ও আজিজুল নেন একটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুটা করেছিল ঝোড়ো। জাওয়াদ আবরার মাত্র ৯ বলেই ২০ রান করে ফিরে যান। এরপর দ্রুতই উইকেট হারাতে থাকে টাইগার যুবারা। এক পর্যায়ে স্কোরবোর্ডে ৫৯ রান তুলতেই ৬টি উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় পুরো দল।
ঠিক তখনই দৃঢ়তা দেখান সামিউন বশির। সপ্তম উইকেটে আল ফাহাদের সঙ্গে গড়েন ৩১ রানের জুটি। এরপর শেষ উইকেটে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সামিউন। ৯ বলের মধ্যে ২০ রান তুলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শেষ পর্যন্ত ৩৮ বল খেলে ৭টি চার ও একটি ছক্কায় ৪৫ রানে অপরাজিত থাকেন তিনি।
তার ইনিংসটিই হয়ে ওঠে ম্যাচের পার্থক্য গড়ে দেওয়া মুহূর্ত। বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে তার শান্ত মাথায় খেলা ও আত্মবিশ্বাসী ব্যাটিং বাংলাদেশের জন্য হয়ে ওঠে অবিশ্বাস্য জয়ের রূপকার।
দক্ষিণ আফ্রিকার পক্ষে জেজে বেসন ৪টি এবং বুয়ান্দা মাজোলা ৩টি উইকেট নেন। তবে তাদের সব চেষ্টা বিফলে যায় সামিউনের সাহসী ব্যাটিংয়ের সামনে। এই জয়ের ফলে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পরের ম্যাচে টাইগার যুবারা মুখোমুখি হবে স্বাগতিক নামিবিয়ার বিপক্ষে।

