রাশিয়ার পূর্ব উপকূলে বুধবার (৩০ জুলাই) শক্তিশালী ৮.৮ মাত্রার ভূমিকম্পের পর জাপানে সুনামি বা জলোচ্ছ্বাস আঘাত হেনেছে। দেশটির উত্তরাঞ্চলের হোক্কাইডোর হানাসাকি বন্দরে প্রথম ঢেউ আঘাত হানার খবর পাওয়া গেছে।
জাপানি সংবাদমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড জাপান জানিয়েছে, হোক্কাইডোতে ৩০ সেন্টিমিটার বা প্রায় ১ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছে। অন্যান্য স্থানেও সুনামি আঘাত হেনেছে। প্রথম ঢেউয়ের উচ্চতা তুলনামূলকভাবে কম হলেও সংবাদমাধ্যমটি জানিয়েছে, ঢেউয়ের আঘাত শক্তিশালী ছিল।
জাপানের আবহাওয়া সংস্থা সতর্ক করে দিয়েছে, জাপানের কিছু অংশ ৯.৮ ফুট পর্যন্ত উঁচু ঢেউয়ের কবলে পড়তে পারে।
এদিকে দেশব্যাপী সুনামির সতর্কতার মধ্যে উত্তর-পূর্ব জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের কর্মীদের সরিয়ে নেয়া হয়েছে।
টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির (টেপকো) একজন মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে বলেন, ফুকুশিমা দাইচি প্ল্যান্টের সকল শ্রমিক ও কর্মচারীকে সরিয়ে নেয়া হয়েছে। তিনি আরো জানান, ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ‘অস্বাভাবিক’ কিছু ঘটেনি।
উল্লেখ্য, ২০১১ সালে উত্তর-পূর্ব জাপানের উপকূলে ৯ মাত্রার ভূমিকম্প ও এর জেরে সৃষ্ট সুনামির আঘাতে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এতে কেন্দ্রটির বিদ্যুৎ ও শীতলীকরণ ব্যবস্থা বিপর্যস্ত হয়। ফলে প্ল্যান্টের ছয়টি চুল্লির মধ্যে তিনটি ক্ষতিগ্রস্ত হয়। একে জাপানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা হিসেবে দেখা হয়। সূত্র : আল জাজিরা

