মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় গাড়ির চালকসহ তিন বাংলাদেশী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু’জন। হতহতরা সবাই কুয়ানতান থেকে কুয়ালালামপুর যাচ্ছিলেন।
শনিবার (২ আগস্ট) সকালে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন বুলেটিন টিভি তিগা এ খবর জানিয়েছে।
জানা গেছে, শুক্রবার রাতে কুয়ান্টানের গাম্বাং-এর কাছে ইস্ট কোস্ট হাইওয়ে (এলপিটি) ওয়ানের ২০০.৮ কিলোমিটারে এমপিভি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে খাদে পড়ে যায়। এতে তিন বাংলাদেশী পুরুষ নিহত এবং দু’জন আহত হন।
নিহতরা হলেন গাড়ির চালক মো: সাব্বের হাসান (৩০) এবং যাত্রী মো: জাহিদ হাসান (২১) ও আবদুল্লাহ (২৪)। আহতদের স্থানীয় টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
কুয়ানতান জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আদলি মাত দাউদ বলেছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে সন্ধ্যা সাড়ে ৭টায় দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বাম দিকে পিছলে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, তদন্তে দেখা গেছে যে জড়িত এমপিভির চালকের ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং ওই গাড়ির রোড ট্যাক্স গত মে মাস থেকে শেষ হয়ে গেছে, যা পরে রিনিউ করা হয়নি।
দুর্ঘটনায় নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
মোহাম্মদ আদলি আরো বলেন, দুর্ঘটনার কারণ সম্পর্কে আরো তদন্ত চলছে, যার মধ্যে রয়েছে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করা এবং জড়িত সকল বাংলাদেশী নিয়োগ কর্মকর্তাদের খুঁজে বের করা। ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারার অধীনে বেপরোয়া গাড়ি চালানোর কারণে মারাত্মক দুর্ঘটনার অভিযোগে মামলাটি তদন্ত করা হচ্ছে।
কুয়ানতানের কুয়ান্টান এলাকার দুর্ঘনাস্থল রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্ব দিকে।

