কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিঅটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।
শনিবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার ধলিরছরা এলাকার রশিদ নগর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি তদন্ত মোহাম্মদ ফরিদ।
নিহতরা হলেন সিএনজি অটোরিকশার চালক শাহাব উদ্দিন, যাত্রী মর্জিনা ও তার শিশু সন্তান। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নর ধলিরছরা এলাকায় রেল ক্রসিংয়ে সিএনজি উঠে পড়ায় কক্সবাজার থেকে ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি ধাক্কা দিয়ে সিএনজিকে টেনে হিঁচড়ে দীর্ঘ এক মাইলেরও বেশি পথ টেনে নিয়ে যায়। এতে সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে যায় এবং যাত্রীদের শরীর ছিন্ন ভিন্ন হয়ে পড়ে। এতে সিএনজি অটোরিকশা চালক, দু’ নারী ও এক শিশু নিহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, ট্রেনের রাস্তা পারাপারের এই স্পটে রেলওয়ের কোনো গেটম্যান নেই।’
এ দিকে এই মর্মান্তিক দুর্ঘটনার পর ঢাকা থেকে কক্সবাজারমুখী ‘পর্যটক এক্সপ্রেস’ ঘটনাস্থলে এলে আটকে দেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী অবস্থান করছে।

