গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে নির্মমভাবে হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তারপূর্বক ফাঁসির দাবিতে মাদারীপুরের শিবচর উপজেলায় মানববন্ধন করেছেন কর্মরত সাংবাদিকেরা।
রোববার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিবচরে কর্মরত সাংবাদিকদের আয়োজনে উপজেলার ৭১ চত্বর সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা ও আনোয়ার হোসেনকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত সবাইকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়াও সারা দেশে সংবাদকর্মীদের নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন শিবচর শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ, শিবচর প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু খায়ের খান, আজকের দর্পণের মীর ইমরান, দীপ্ত টিভির রফিকুল ইসলাম রাজা, ইনকিলাবের রাশেদুল ইসলাম রাসেল, দৈনিক আমার দেশ’র সরোয়ার হোসেন, দৈনিক জনকণ্ঠের কামরুল ইসলাম, গ্লোবাল টিভির কায়ুম, এশিয়া টেলিভিশনের রুবেল মোড়ল, দৈনিক মানবজমিনের বিএম হায়দার আলী, দৈনিক কালের কণ্ঠ ও ডেইলী সানের এস.এম. দেলোয়ার হোসাইন, আমার সংবাদের মশিউর কাজী, দৈনিক নয়াদিগন্তের মো. শাহিন মিয়া, দিনকালের মতিউর, দৈনিক হুংকারের মেহেরাব হোসেন, দৈনিক আমার বার্তার মো. রিয়াজ রহমান, জামায়াতে ইসলাম বায়তুল মাল সম্পাদক মাওলানা অলি উল্লাহসহ শিবচর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ।
সবশেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

