মাদারীপুরের শিবচর উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাজীরসুরা থেকে শুরু হয়ে সন্যাসীরচর খাসের হাট বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মো. রোকন উদ্দিন মিয়ার নেতৃত্বে নেতাকর্মীরা এ লিফলেট বিতরণ করেন।
এসময় পথচারী, দোকানদার ও এলাকার বিভিন্ন পেশার মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির আহ্বান জনগণের কাছে পৌঁছে দেন।
লিফলেট বিতরণ শেষে আইনজীবী মো. রোকন উদ্দিন মিয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক বছর আগেই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।
তিনি বলেন, শিবচরে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাব। সর্বোপরি শিবচরের সবাইকে নিয়ে একটি আলোকিত শিবচর গড়ে তুলব ইনশাআল্লাহ ।
এ সময় শিবচর উপজেলা জিয়া পরিষদের সভাপতি মো. বোরহান উদ্দিন খান, পৌরসভা শাখার সভাপতি মো. লিটন গোমস্তা, শিবচর পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মেজবা গোমস্তাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

