মাদারীপুরের শিবচরে প্রকাশ্যে কুপিয়ে নিহত রাকিব মাদবরের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও দোয়া শেষে মানববন্ধনের আয়োজন করেছে তার স্বজন ও এলাকাবাসী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজের পর শিরুয়াইল ইউনিয়নের চর শ্যামাইলের পূর্ব কাকইর গ্রামে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহতের চাচা লিটন মাদবর বলেন, “আমার ভাতিজা নিরীহ ও সাধারণ জীবনযাপন করতো। কিন্তু সমাজের কিছু ব্যক্তি তাকে আর বাঁচতে দিল না। প্রকাশ্যে শিবচর বাজারে মানুষের সামনে কুপিয়ে হত্যা করেছে। আমি এ দেশের সরকার ও আদালতের কাছে ন্যায়বিচার চাই।”
রাকিবের সহপাঠী ও শত শত এলাকাবাসী মানববন্ধনে অংশ নিয়ে স্লোগান দেন। তারা রাকিব হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও সকলের ফাঁসির দাবি জানান। তাদের মতে, দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ হবে না।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর রাতে শিবচর বাজারে ইউসিবি ব্যাংকের এটিএম বুথের সামনে রাকিব মাদবরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় শিবচর থানায় ২২ জনের বিরুদ্ধে মামলা হয়। হত্যার পাঁচ দিন পর রাজধানীর কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জ থেকে রানা সরদার ও সিয়াম সরদারকে র্যাব আটক করে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ ও র্যাবের একাধিক ইউনিট অভিযান চালাচ্ছে।

