মাদারীপুরের শিবচর উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের চরচান্দ্রা মুন্সির হাট থেকে শুরু হয়ে বাংলা বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
স্থানীয়ভাবে পরিচিত ক্লিন ইমেজের অধিকারী মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মো. রোকন উদ্দিন মিয়ার নেতৃত্বে নেতাকর্মীরা এ লিফলেট বিতরণ করেন।
এসময় পথচারী, দোকানদার ও এলাকার বিভিন্ন পেশার মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির আহ্বান জনগণের কাছে পৌঁছে দেন।
জানা গেছে, বিএনপি’র ৩১ দফায় যেখানে আছে ন্যায়বিচারের কথা, প্রশাসনের জবাবদিহিতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা, আর মানবাধিকারের প্রতি অঙ্গীকার। বিচার বিভাগ হবে স্বাধীন, নির্বাচন হবে স্বচ্ছ আর রাষ্ট্র হবে সবার জন্য সমান। এ দফাগুলোতে আছে কৃষক, শ্রমিক, সংখ্যালঘু, নারী ও শিশুদের স্বপ্ন-যারা প্রান্তিক হয়েও রাষ্ট্রের প্রাণ। দুর্নীতির নাগপাশ ছিন্ন করে, এক ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার ডাক যেন প্রতিটি শব্দে বাজে।
লিফলেট বিতরণ শেষে আইনজীবী মো. রোকন উদ্দিন মিয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক বছর আগেই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।
এ সময় জিয়া পরিষদের মাদারীপুর জেলার সহ-সভাপতি মোঃ সুজন বেপারী, শিবচর পৌরসভা শাখা জিয়া পরিষদের সভাপতি মো. লিটন গোমস্তা, শিবচর পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মেজবা গোমস্তা, শিবচর উপজেলা জিয়া পরিষদের সহ-সভাপতি মোঃ লোকমান গোমস্তা, শিবচর পৌরসভার জিয়া পরিষদের দপ্তর সম্পাদক রফু গোমস্তা, বাঁশকান্দি ইউনিয়ন বিএনপি নেতা মোঃ দেলোয়ার সিপাহি, বাঁশকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ এনামুল শিকদারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

