মাদারীপুরের শিবচরে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর বাস টার্মিনাল, কেন্দ্রীয় জামে মসজিদ ও প্রেস ক্লাব চত্বরসহ বিভিন্ন স্থানে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় খেলাফত মজলিসের কর্মসূচি শুরু হয় পৌর বাস টার্মিনাল থেকে। মিছিল শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় শিবচর উপজেলা শাখার সভাপতি ও মাদারীপুর-১ আসনের প্রার্থী মাওলানা শাহআলম তালুকদার বলেন, “এ দেশের পূনর্গঠনে ইসলামী শাসনব্যবস্থাই প্রয়োজন। ছোট দলগুলোকে সংসদে প্রবেশের সুযোগ দিতে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি দ্রুত বাস্তবায়ন করতে হবে।” তিনি আল্লামা মামুনুল হককে আপোষহীন সংগ্রামের প্রতীক আখ্যা দিয়ে সবাইকে খেলাফত মজলিসে যোগদানের আহ্বান জানান।
বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল শেষে কেন্দ্রীয় মসজিদ চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। এমপি প্রার্থী মাওলানা আকরাম হোসেন বলেন, “জুলাই বিপ্লবকে আইনগত ভিত্তি দিয়ে পিআর পদ্ধতি ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।” সভায় আরও বলা হয়, জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন করতে হবে, অবাধ-সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করতে হবে এবং ১৪ দল ও জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
অন্যদিকে বিকেল ৫টায় জামায়াতে ইসলামী উপজেলা শাখার মিছিল ও পথসভা হয় প্রেস ক্লাব চত্বরে। উপজেলা আমির ও মাদারীপুর-১ আসনের এমপি প্রার্থী মাওলানা সারোয়ার হোসাইন মৃধা অভিযোগ করেন, বর্তমান সরকার ফ্যাসিবাদী আচরণ করছে, গণহত্যা ও দুর্নীতি করছে। তিনি বলেন, “আমাদের দাবি মানা না হলে বাংলাদেশে আরেকটি অধ্যায় রচিত হবে, যার নেতৃত্বে থাকবে জামায়াতে ইসলামী।”
তিন দলের কর্মসূচিতে মূলত একই পাঁচ দফা দাবি উঠে আসে—
১. জুলাই সনদ বাস্তবায়ন
২. ২৪ জুলাই গণহত্যা ও শাপলা চত্বর ঘটনার বিচার
৩. আধিপত্যবাদী ভারতের এজেন্ট ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ
৪. অবাধ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ
৫. জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির বাস্তবায়ন
শেষে প্রতিটি কর্মসূচি দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

