ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা) মাদারীপুর-১ আসনের প্রার্থী মাওলানা আকরাম হুসাইন বলেছেন, ‘পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের সেখানে মূল্যায়ন হবে। পিআর পদ্ধতিতে এককভাবে সরকার ক্ষমতায় যাওয়ার এবং ফ্যাসিস্ট চরিত্রের হওয়ার সুযোগ থাকে না। আমরা এখনো পূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারিনি। পূর্ণ স্বাধীনতা অর্জন করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে’।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, পিআর পদ্ধতি হলে তখন আর কালো টাকার ছড়াছড়ি থাকবে না। কুরআন-ভিত্তিক রাজনীতি যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে এ দেশে হিন্দুরা জুলুমের শিকার হবে না। বাংলাদেশ স্বাধীনের পরে হিন্দুদের সম্পত্তি যারা দখল করেছে, তারা হিন্দুদের পক্ষেরই লোক! তা ছাড়া, বিএনপি, আওয়ামী লীগ যখন যে দল ক্ষমতায় এসেছে, তারা ক্ষমতার অপব্যবহার করেছে।’
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি মো. জাফর আহমাদ বলেন, ‘আমাদের দেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়, তাতে সংসদে সত্যিকারে জনগণের মতামত প্রতিফলিত হয় না। একদলীয় আধিপত্য সৃষ্টি হয়। কিন্তু পিআর পদ্ধতিতে ছোট-বড় সব দলের প্রতিনিধিত্ব থাকে। এতে সংসদ ভারসাম্যপূর্ণ হয় এবং গণতন্ত্রের বিকাশ ঘটে’।
তিনি আরও বলেন, ‘সকল ইসলামী সমমনা দলের সঙ্গে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আলোচনা করছেন। বেশ কিছু ইসলামী দলের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। ইসলামী সমমনা দলগুলো একসঙ্গে একই প্ল্যাটফর্মে নির্বাচন করবে। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’
মতবিনিময় সভায় শিবচর প্রেস ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু খায়ের খানসহ শিবচরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন সাংবাদিকেরা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর শাখার নেতারা উপস্থিত ছিলেন।

