মাদারীপুরের শিবচর উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার উমেদপুর ইউনিয়নের চান্দেরচর বাজারে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়েছে।
স্থানীয়ভাবে পরিচিত ক্লিন ইমেজের অধিকারী মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মো. রোকন উদ্দিন মিয়ার পক্ষে নেতাকর্মীরা এ লিফলেট বিতরণ করেন।
এসময় পথচারী, দোকানদার ও এলাকার বিভিন্ন পেশার মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির আহ্বান জনগণের কাছে পৌঁছে দেন।

এসময় শিবচর উপজেলা জিয়া পরিষদের সভাপতি মো. বোরহান উদ্দিন খান, দপ্তর সম্পাদক মো. নূরুল হক মিয়া, শিবচর পৌরসভা জিয়া পরিষদের সভাপতি মোঃ লিটন গোমস্তা, সিনিয়র সহ সভাপতি লোকমান গোমস্তা, সাংগঠনিক সম্পাদক রফু গোমস্তা, শিবচর উপজেলা জিয়া পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক জসিম হাওলাদার, ছাত্রদল নেতা আদর গোমস্তাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে শিবচর উপজেলা জিয়া পরিষদের সভাপতি মো. বোরহান উদ্দিন খান বলেন, জনগণের কাছে বিতরণ করা লিফলেট পড়লেই বুঝতে পারবে বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার রাজনীতি করছে না; বরং মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে।
তিনি আরো বলেন, শিবচরের মানুষ একজন শিক্ষিত, ভদ্র ও সৎ প্রার্থী চায়। আইনজীবী রোকন মিয়া একজন শিক্ষিত ও ভদ্র মানুষ। শিবচরের জন্য তাঁর মতো নেতৃত্ব এখন খুব প্রয়োজন।

