বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে মাদারীপুরের শিবচর উপজেলায় জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার পাঁচ্চর গোলচত্বরে মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু’র উদ্যোগে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
দুপুরের পর থেকে শিবচর উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে জনসভাস্থলে আসতে থাকেন। খণ্ড খণ্ড মিছিল ও স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। এসময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু বলেন, ‘আজকের এই জনসমাবেশই প্রমাণ করে শিবচরের মানুষ এখনো গণতন্ত্র, স্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে অটল ও ঐক্যবদ্ধ। আপনাদের এই বিপুল উপস্থিতি শুধু সমর্থন নয়, এটি পরিবর্তনের অঙ্গীকার। যারা অতীতে রাজনীতির মাঠে ছিলেন, আজ তাদের পাশে পেয়ে আমি গর্বিত ও অনুপ্রাণিত। এই মাটির মানুষের অধিকার রক্ষার লড়াই থেকে আমি কখনো পিছু হটিনি, হটবও না। আপনারাই আমার শক্তি, আপনারাই আমার সাহস। আমি কথা দিচ্ছি আপনাদের পাশে ছিলাম, আছি এবং শেষ পর্যন্ত থাকব।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নের যে স্বপ্ন তারেক রহমান দেখিয়েছেন,সেই ৩১ দফার বাস্তবায়নই বাংলাদেশকে পরিবর্তনের পথে এগিয়ে নেবে। ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের সার্বিক অগ্রগতির একটি দিকনির্দেশনা। এ কর্মসূচিতে মানুষের জীবনমান উন্নয়ন ও দেশের ভাগ্য পরিবর্তনের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।’

