ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর জেলায় নির্বাচনি পরিবেশ ক্রমেই জমে উঠছে। জেলার তিনটি সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসব মনোনয়নপত্র দাখিল করা হয়।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মাদারীপুর-১ (শিবচর) আসনে সর্বাধিক ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন বিএনপির নাদিরা আক্তার, জামায়াতে ইসলামীর মো. সরোয়ার হোসেন মৃধা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আকরাম হোসেন, জাতীয় পার্টির মো. জহিরুল ইসলাম মিন্টু, বাংলাদেশ খেলাফত মজলিসের সাইদ উদ্দিন আহমেদ হানজালা, গণঅধিকার পরিষদের রাজিব মোল্লা, লেবার পার্টির মো. হাফিজুর রহমান ও কমিউনিস্ট পার্টির আব্দুল আলী। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাজ্জাদ হোসেন সিদ্দিকী, কামাল জামান মোল্লা ও ইমরান হোসেন। যদিও এ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ১৩ জন।
মাদারীপুর-২ আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বিএনপির জাহান্দার আলী মিয়া, ইসলামী আন্দোলনের আলী আহমেদ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুস সোবাহান, জাতীয় পার্টির মো. মোহিদুল ইসলাম, কল্যাণ পার্টির সুবল চন্দ্র মজুমদার ও বাসদের দিদার হোসেন। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মিল্টন বৈদ্য, শহিদুল ইসলাম খান, মুহা. কামরুল ইসলাম সাঈদ ও মো. রেয়াজুল ইসলাম। তবে এ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ১৪ জন।
অন্যদিকে, মাদারীপুর-৩ আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন বিএনপির আনিসুর রহমান, জামায়াতে ইসলামীর মো. রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের আজিজুল হক, সুপ্রিম পার্টির নিতাই চক্রবর্তী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের আমিনুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান। এ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন মোট ১০ জন।
জেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকল প্রার্থী ও রাজনৈতিক দলের সহযোগিতা অত্যন্ত
গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, আগামী ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলবে। যাচাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
