মাদারীপুরের শিবচর উপজেলায় বয়সের ভার ও শারীরিক অসুস্থতার কারণে ব্যাংকে গিয়ে বয়স্ক ভাতার টাকা তুলতে না পারা এক বৃদ্ধার বাড়িতে গিয়ে সরাসরি তার হাতে ভাতার টাকা পৌঁছে দিয়ে দিয়েছেন মধুমতি ব্যাংকের কর্মকর্তারা।
সোমবার (২৬ জানুয়ারি) রাতে শিবচর পৌরসভার খান কান্দি এলাকার মজিবর রহমান খানের বাসায় গিয়ে ব্যাংকের কর্মকর্তারা ভাতার টাকা প্রদান করেন।
জানা যায়, মজিবর রহমান খান দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় বয়স্ক ওই তিনি ব্যাংকে উপস্থিত হয়ে টাকা উত্তোলনে অক্ষম ছিলেন। বিষয়টি জানতে পেরে মানবিক বিবেচনায় মধুমতি ব্যাংক শিবচর শাখার কর্মকর্তারা রাতের আঁধারে তার বাড়িতে গিয়ে ভাতার টাকা তার হাতে তুলে দেন।
এতে ওই বয়স্ক বৃদ্ধা ও তার পরিবার আনন্দে আপ্লুত হয়ে পড়েন। এ সময় পরিবারের এক সদস্য বলেন, “মোবাইলের টাকা নিরাপদ না। কিন্তু ব্যাংকে টাকা নিরাপদ। আজ ব্যাংকের কর্মকর্তারা নিজেরা বাসায় এসে টাকা দিয়ে গেলেন এতে আমরা খুবই খুশি।”
ব্যাংক কর্মকর্তাদের এমন মানবিক উদ্যোগে স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এলাকাবাসী মনে করেন, এ ধরনের উদ্যোগ সমাজে ব্যাংকিং ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও বাড়াবে।
এ বিষয়ে মধুমতি ব্যাংক শিবচর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আলমাস আলী বলেন, “বর্তমানে বয়স্ক ভাতার টাকা ব্যাংকের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। আমরা মধুমতি ব্যাংক সব সময় গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। ভাতা ভোগীদের টাকা অত্যন্ত যত্নসহকারে প্রদান করা হচ্ছে। ব্যাংকিং সময়ের বাইরেও আমরা সেবা চালিয়ে যাচ্ছি। যেসব ভাতাভোগী অসুস্থতার কারণে শাখায় এসে টাকা নিতে পারেন না, তাদের বাড়িতে গিয়েও আমরা সেবা দিচ্ছি।”
এ সময় উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংক শিবচর শাখার এক্সিকিউটিভ অফিসার রাজ কুমার ও সহকারী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস লিলি প্রমুখ।

