মাদারীপুরের তিনটি সংসদীয় আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। দুইটি আসনে বিএনপির প্রার্থী ও একটিতে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মাদারীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম নিজ কার্যালয়ে এই ফলাফল ঘোষণা করেন।
জানা যায়, মাদারীপুর-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উবিন আহমাদ হানজালা রিকশা প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ৯০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী নাদিরা আক্তার মিঠু চৌধুরী পেয়েছেন ৬৪ হাজার ৫২৪ ভোট।
মাদারীপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী মিয়া ৬১ হাজার ৭৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য পেয়েছেন ৪৬ হাজার ৪৭৬ ভোট।
মাদারীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার পেয়েছেন ৯৬ হাজার ১২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম ৮৪ হাজার ৬৪৬ ভোট পেয়েছেন।
এদিকে মাদারীপুর-১ আসনে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে জয়ী হয়েছেন হাজী শরিয়তউল্লাহ (রহ:)-এর সপ্তম পুরুষ পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা। রাজনৈতিক অঙ্গনে নতুন মুখ হলেও স্বল্প সময়ের মধ্যেই তিনি স্থানীয়ভাবে শক্ত অবস্থান তৈরি করেছেন। বিশেষ করে তরুণ ও যুব সমাজের কাছে তিনি একজন জনপ্রিয় নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।
মাদারীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, মাদারীপুরের তিনটি আসনেই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা করা হয়েছে। শিগগিরই সংসদ সদস্যদের নামের তালিকা জনস্বার্থে গেজেট প্রকাশ করা হবে।

