মাদারীপুরের শিবচরে দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মো. আবুল কালাম মল্লিককে দায়িত্ব প্রদান ও সম্মাননা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৪টায় শিবচর পোস্ট অফিস সংলগ্ন পত্রিকাটির শিবচর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক লাল সবুজের দেশ-এর বিশেষ প্রতিনিধি আবুল খায়ের খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি মো. আবুল কালাম মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার সম্পাদক ও বিএমইউজের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ ।
এ সময় বক্তারা বলেন, একটি গণমাধ্যমের মূল শক্তি হলো পাঠকের আস্থা। সেই আস্থা ধরে রাখতে সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের কোনো বিকল্প নেই। সমাজের অনিয়ম, অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, স্থানীয় গণমাধ্যম মানুষের কথা বলার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। শিবচরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে দৈনিক লাল সবুজের দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে নতুন দায়িত্বে মো. আবুল কালাম মল্লিকের সফলতা কামনা করেন তারা।
সম্পাদক আলহাজ্ব সোহেল আহমেদ তাকে অভিনন্দন জানিয়ে বলেন, আবুল কালাম মল্লিকের মতো একজন অভিজ্ঞ ও দায়িত্বশীল ব্যক্তিকে সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে পেয়ে দৈনিক লাল সবুজের দেশ আরও সমৃদ্ধ হবে। তার নেতৃত্বে পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সাধারণ মানুষের কথা তুলে ধরতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মালেক মনি, শিবচর পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন খান সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

