প্রথমবারের মতো রাষ্ট্রীয় চুক্তির আওতায় মালয়েশিয়া থেকে আমদানি করা হচ্ছে টিএসপি ও ডিএপি সার। কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) মালয়েশিয়ার সাথে নন ইউরিয়া সার আমদানির একটি চুক্তি করেছে।
গত ১৭ জুলাই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিএডিসি ও মালয়েশিয়ান প্রতিষ্ঠান সেলক্রা নিয়াগা-এর সাথে উভয় দেশের মধ্যে সার আমদানির চুক্তি সম্পাদিত।
চুক্তিতে বিএডিসি’র পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির চেয়ারম্যান (গ্রেড-১) মো: রুহুল আমিন খান।
চুক্তির আওতায় মালয়েশিয়া হতে ২ লাখ ৮০ হাজার মেট্রিকটন টিএসপি ও ২ লাখ ৮০ হাজার মেট্রিকটন ডিএপি সার আমদানি করা হবে।
বিএডিসি জানিয়েছে, দক্ষ কৃষি ব্যবস্থা গড়ে তুলতে কৃষকদের নিকট যথাসময়ে নন-ইউরিয়া সার পৌঁছে দেয়ার ক্ষেত্রে চুক্তিটি কার্যকর ভূমিকা রাখবে। চুক্তি অনুষ্ঠানে উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

